123 Main Street, New York, NY 10001

২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়

নিয়ে ফুটবল বিশ্বকে হতাশ করেছিল। তবে আসন্ন বিশ্বকাপে হারানো গৌরব পুনরুদ্ধারের

লক্ষ্য নিয়ে অভিজ্ঞতার ওপর জোর দিচ্ছেন কোচ ইউলিয়ান নাগলসমান। সেই পরিকল্পনার অংশ

হিসেবে ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল

নয়্যারকে পুনরায় দলে ফিরিয়েছে জার্মানি। ফ্রাঙ্কফুর্টে বৃহস্পতিবার ঘোষিত ২৬

সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের একমাত্র প্রতিনিধি হিসেবে

জায়গা পেয়েছেন নয়্যার।

কোচ নাগলসমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নয়্যারই থাকবেন দলের প্রধান গোলরক্ষক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান

রাখতে পারে, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা

করছি।’ অভিজ্ঞ নয়্যার দলে ফিরলেও নেতৃত্বের ভার থাকছে ইয়োশুয়া কিমিখের কাঁধে। এছাড়া

চোট কাটিয়ে দলে ফিরেছেন বায়ার্ন মিউনিখের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা এবং

জায়গা ধরে রেখেছেন লিরয় সানে ও কাই হাভার্টজের মতো শক্তিশালী পারফরমাররা।

এবারের জার্মান স্কোয়াডে তারুণ্যের চমক হিসেবে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড

লেনার্ট কার্ল। অন্যদিকে, নিয়মিত মুখ নিকলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখের বাদ পড়া

ফুটবল মহলে আলোচনার সৃষ্টি করেছে। জার্মানির রক্ষণভাগ সামলাবেন অ্যান্টোনিও রুডিগার

ও জোনাথন টাহের মতো অভিজ্ঞরা। লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টৎস এবং নিউক্যাসলের নিক

ভোল্টেমাডরাও মাঝমাঠ ও আক্রমণে শক্তি যোগাবেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘সি’ গ্রুপে জার্মানির প্রতিপক্ষ হিসেবে থাকছে কুরাসাও,

আইভরিকোস্ট এবং ইকুয়েডর। নয়্যারের মতো অভিজ্ঞ প্রাচীর এবং কিমিখ-মুসিয়ালার মতো

সৃজনশীল প্রতিভাকে নিয়ে জার্মানি এবার কতদূর যেতে পারে, তা-ই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *