123 Main Street, New York, NY 10001

অঞ্চলভিত্তিক দুর্যোগ প্রান্তিকের মানুষকে আরও বেশি প্রান্তিকে ঠেলে দেয়। কর্মহীন

করে চাপ বাড়িয়ে ঠেলে দেয় শহরের অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এ অবস্থায় সামাজিক

নিরাপত্তাবেষ্টনীতে নতুন করে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সাড়ে তিন কোটিরও বেশি মানুষ।

এই বিপুল জনগোষ্ঠীকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে ও কল্যাণ রাষ্ট্র গঠনের

প্রতিশ্রুতি বাস্তবায়নে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ

রাখা হচ্ছে। গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ

কর্মসূচির মতো সরকারের ‘ফ্ল্যাগশিপ’ উদ্যোগ।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ এখন শেষ

পর্যায়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাজেটে সাধারণ মানুষের জন্য সামাজিক

নিরাপত্তাবেষ্টনীর আওতা বাড়ানোর বিষয়ে বিশেষভাবে আগ্রহী ছিলেন। তারই ইচ্ছায়

অর্থমন্ত্রীকে নিয়ে সম্প্রতি এক জরুরি বৈঠক হয়। প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী এই বৈঠকে

দেশের দরিদ্র, প্রান্তিক ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির জন্য সামাজিক সুরক্ষা জালকে আরও

শক্তিশালী করার কৌশলগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আসন্ন বাজেটে সামাজিক

নিরাপত্তা ও সুরক্ষা খাতে মোট বরাদ্দ ১ লাখ ৩০ হাজার কোটি টাকা অতিক্রম করার নীতিগত

সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের (১ লাখ ১৬ হাজার ৭৩১

কোটি টাকা) চেয়ে প্রায় ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকা বেশি। এবারের বাজেটের মূল লক্ষ্য

হতে যাচ্ছে গর্ভাবস্থা থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি

স্তরে রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করা।

বৈঠকে জানানো হয়, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির

(এডিপি) আওতায় বিশেষ সামাজিক উন্নয়ন সহায়তা হিসাবে আলাদাভাবে ১৭ হাজার কোটি টাকা

বরাদ্দের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।

এই অর্থ মূলত তৃণমূল পর্যায়ে সরাসরি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ব্যবহৃত হবে।

বৈঠকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর পাশাপাশি এর কার্যকারিতা ও

স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। আসন্ন বাজেটে দুটি বড় ফ্ল্যাগশিপ

কর্মসূচি দেশব্যাপী বড় পরিসরে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এগুলো

হচ্ছে-ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মানী-দেশের

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এবং তৃণমূলের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের

জন্য সম্মানী কাঠামোর বরাদ্দও এই বিশেষ তহবিল থেকে দেওয়া হবে।

এ ছাড়া খাল খনন কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে

অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট

জানিয়ে দেন, সামাজিক নিরাপত্তা খাতের একটি টাকাও যেন অপচয় বা অনিয়মের কবলে না পড়ে।

ফ্ল্যাগ কর্মসূচির বাইরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, খাদ্যবান্ধব

কর্মসূচি, মুক্তিযোদ্ধা ভাতা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের মাসিক

কার্যক্রম ভাতার ওপরও জোর দেওয়া হয়েছে।

জানা গেছে, বিগত বছরের তুলনায় এবার বাজেটে খাতটির ১৮টি ক্যাটাগরিতে উপকারভোগী ১

কোটি বাড়িয়ে ধরা হয়েছে ৩ কোটি ৬৩ লাখ মানুষ। বরাদ্দ বাড়ছে খেতাবপ্রাপ্ত

মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী, বয়স্কভাতা। প্রধান কর্মসূচিতে ফ্ল্যাগশিপ ছাড়াও

খাদ্যবান্ধব কর্মসূচি, দারিদ্রতার সীমানায় থাকা মানুষকে কর্মসংস্থানে জড়িত রাখা,

বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি ছাড়াও উচ্চশিক্ষায় সুযোগ সৃষ্টি,

মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ

মানবসম্পদ তৈরির পরিকল্পনা থাকছে মোটাদাগে।

ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘যে

মানুষগুলো সত্যিকার অর্থে সমস্যায় জর্জরিত, তাদের চিহ্নিতকরণ করা হচ্ছে না

ভালোভাবে। যে কারণে সামাজিক নিরাপত্তায় যে পরিমাণ অর্থ বণ্টন হচ্ছে, তার অর্ধেক

বণ্টনই ভুলভাবে করা হচ্ছে।’

বিশালাকার ঋণ আর স্থবির অর্থনীতি নিয়ে শুরু করা বছরে অবকাঠামো থেকে উৎপাদনশীল

মানবসম্পদ কাজে লাগানোর ওপর জোর বিশ্লেষকদের।

অর্থনীতিবিদ ও বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ‘৬০ থেকে

৭০ শতাংশের বেশি খরচ করা যায় না। সরকার বড় করে যদি সরকারি কর্মচারীদের বেতন-ভাতা

দেওয়ার জন্য, তাদের বাড়ি, গাড়ি কেনার জন্য ব্যয় করে তাহলে তো হবে না। প্রোডাক্টিভ

পারপাসে এটাকে ব্যয় করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *