২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এক ব্যতিক্রমী ও বড় সিদ্ধান্তের কথা
জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে
প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আলাদাভাবে তিনটি
জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। প্রতিটি দেশের প্রথম ম্যাচ শুরু হওয়ার
আগে এসব অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ১১ জুন মেক্সিকো
সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী
ম্যাচের মধ্য দিয়ে এই মহাযজ্ঞের পর্দা উঠবে।
মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির সমৃদ্ধ ঐতিহ্য ও আধুনিক লোকজ সংস্কৃতির
এক মেলবন্ধন দেখা যাবে। সেখানে পারফর্ম করবেন গ্র্যামি জয়ী মেক্সিকান পপ ব্যান্ড
মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা এবং জে বালভিনের মতো বিশ্বখ্যাত তারকারা।
পরদিন অর্থাৎ ১২ জুন কানাডার টরোন্টোতে দেশটির নিজস্ব উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
হবে, যার পরপরই মাঠে নামবে স্বাগতিক কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা। কানাডার এই
আয়োজনে দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে মঞ্চ মাতাবেন মাইকেল বুবলে,
অ্যালানিস মরিসেত্তে এবং বলিউড তারকা নোরা ফাতেহি। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন
বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা হবে ১৩ জুন লস অ্যাঞ্জেলসে, যেখানে
স্বাগতিক দল মোকাবিলা করবে লাতিন দেশ প্যারাগুয়ের। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে আয়োজিত
এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও গীতিকার
ক্যাটি পেরি। এ ছাড়া র্যাপ তারকা ফিউচার, আনিতা, লিসা এবং রেমার মতো আন্তর্জাতিক
শিল্পীরা সেখানে পারফর্ম করবেন। ফিফার মতে, যুক্তরাষ্ট্রের এই কনসার্টটি এমনভাবে
পরিকল্পনা করা হয়েছে যাতে টুর্নামেন্টের বিশালতা, উচ্চাকাঙ্ক্ষা ও সাংস্কৃতিক
শক্তির একটি বলিষ্ঠ প্রতিফলন ঘটে এবং দর্শকদের জন্য উন্নত মানের বিনোদন নিশ্চিত হয়।