123 Main Street, New York, NY 10001

হিন্দি সিনেমার স্বর্ণযুগের চিরন্তন সুন্দরী ও কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবন

এবার রুপালি পর্দায় জীবন্ত হয়ে উঠতে যাচ্ছে। ‘মুঘল-এ-আজম’, ‘নীলকমল’, কিংবা

‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’-এর মতো কালজয়ী সিনেমার এই নায়িকাকে নিয়ে বায়োপিক

নির্মাণের পরিকল্পনা চলছিল দীর্ঘ দিন ধরে। নানা কারণে বারবার পিছিয়ে যাওয়া এই

প্রজেক্টটি নিয়ে এবার নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। চলচ্চিত্র পাড়ায় জোর

গুঞ্জন উঠেছে, পর্দায় মধুবালার আইকনিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হালের জনপ্রিয়

অভিনেত্রী কিয়ারা আদভানি। একই সঙ্গে সিনেমাটির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন প্রখ্যাত

নির্মাতা সঞ্জয় লীলা বানসালি, যা এই কাজটিকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত

দিচ্ছে।

সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জাঁকজমকপূর্ণ সিনেমা নির্মাণের

কারিগর সঞ্জয় লীলা বানসালি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই সব কাজ নতুন

গতি পেয়েছে। মধুবালার বায়োপিকটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘ডার্লিংস’ খ্যাত নারী

পরিচালক জসমিত কে রিন। চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি বছরের

শেষের দিকেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় পর্দায়

মধুবালার সাথে জড়িয়ে থাকা অন্য দুই কিংবদন্তি দীলিপ কুমার এবং কিশোর কুমারের

চরিত্রে কারা অভিনয় করবেন, তা নিয়ে বর্তমানে চুলচেরা বিশ্লেষণ ও শিল্পী বাছাই চলছে।

ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন সাক্ষাৎকারে কিয়ারা আদভানি বহুবার তাঁর মনের ইচ্ছার কথা

প্রকাশ করেছিলেন যে, সুযোগ পেলে তিনি বড় পর্দায় মধুবালার চরিত্রটি রূপায়ন করতে চান।

তাঁর সেই দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তব রূপ নিতে যাচ্ছে বলে ভক্তদের মাঝে ব্যাপক

কৌতূহল তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, কিয়ারার সামনে মীনা কুমারীর বায়োপিকে অভিনয়ের

প্রস্তাব থাকলেও তিনি বেছে নিয়েছেন মধুবালার এই জাঁকজমকপূর্ণ চ্যালেঞ্জটিকে। দর্শক

মনে করেন, কিয়ারার আধুনিকতা ও স্নিগ্ধতা মধুবালার চরিত্রের আভিজাত্য ফুটিয়ে তোলার

ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

যদিও আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম এই খবরের জোরালো দাবি করছে, কিন্তু বিপরীতে

ভিন্ন কথা বলছে ‘বলিউড হাঙ্গামা’র মতো প্রভাবশালী দেশীয় কিছু সংবাদমাধ্যম। তারা এই

তথ্যটিকে আপাতত ‘স্রেফ গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি অনুযায়ী, বায়োপিকটি

নিয়ে আলাপ-আলোচনা অব্যাহত থাকলেও কিয়ারা বা বানসালির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত

চুক্তি বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আপাতত গুঞ্জন ও অসমর্থিত সূত্রের খবরের ওপর

ভিত্তি করে ভক্তরা কিয়ারাকে নতুন এই অবতারে দেখার অপেক্ষা করছেন। শেষ পর্যন্ত

গ্ল্যামারকুইন মধুবালার চরিত্রে কার অভিষেক ঘটে, সেটিই এখন বলিউড তথা সারা বিশ্বের

চলচ্চিত্র প্রেমীদের কাছে বড় আলোচনার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *