123 Main Street, New York, NY 10001

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর খুচরা বাজারে মসলার দাম

অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও আমদানির কেন্দ্রস্থল দিনাজপুরের হিলি স্থলবন্দরে চিত্র

সম্পূর্ণ ভিন্ন। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ

ও এলাচসহ বিভিন্ন মসলার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভোক্তাদের অধিকার নিয়ে কাজ

করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নেতারা এই পরিস্থিতির জন্য

বাজার তদারকির ঘাটতি এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাবকে দায়ী করেছেন।

বর্তমানে ঢাকার বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা, আদা ২০০ টাকা এবং

কাঁচামারিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মানভেদে এলাচের দাম কেজিতে

কয়েকশ টাকা বেড়ে ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায় পৌঁছেছে। এমনকি লবণের দামও

কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে ।

বিপরীতে, হিলি স্থলবন্দর দিয়ে আমদানির পরিমাণ ব্যাপক বৃদ্ধি পাওয়ায় সেখানে মসলার

কোনো সংকট নেই এবং দামও কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক

অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,

“আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে মসলা জাতীয় পণ্যের আমদানি

বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জিরা, আদা, সাদা এলাচসহ বিভিন্ন মসলা এই বন্দরের মাধ্যমে

দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা করা হচ্ছে।” কাস্টমস বিভাগের পরিসংখ্যান অনুযায়ী,

চলতি বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত এ বন্দর দিয়ে ২৬ হাজার মেট্রিক

টনের বেশি মসলা আমদানি হয়েছে, যার মধ্যে জিরা ও ছোট এলাচই রয়েছে প্রায় সাড়ে ৭ হাজার

টন।

বর্তমানে হিলিতে পাইকারি পর্যায়ে জিরার দাম কমে ৫৪০ থেকে ৫৬০ টাকায় নেমেছে, যা আগে

৬৫০ টাকা পর্যন্ত উঠেছিল। এছাড়া সাদা এলাচের দামও প্রতি কেজিতে ৫০০ থেকে ৭০০ টাকা

পর্যন্ত হ্রাস পেয়েছে। হিলির পাইকারি বাজারের বিক্রেতা মো. আনোয়ার হোসেনের মতে,

নতুন সরকারের কঠোর নজরদারি এবং পর্যাপ্ত সরবরাহের কারণে এবার দাম কমেছে।

হিলি কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা শফিউল আজম জানান, কোরবানির ঈদ উপলক্ষে মসলা

জাতীয় পণ্য দ্রুত খালাসের জন্য সব ধরণের সহযোগিতা প্রদান করা হচ্ছে। তিনি দৃঢ়তার

সাথে আশ্বস্ত করে বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহার ঈদে দেশে মসলার কোনো ধরনের সংকট

সৃষ্টি না হয় এবং বাজারদর ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়টি নিশ্চিত করা

হয়েছে। ঢাকার খুচরা বাজারে যখন অগ্নিমূল্য বিরাজ করছে, তখন দেশের প্রধান এই আমদানি

পয়েন্টে পর্যাপ্ত মজুত ও দাম কমে আসার খবরটি সাধারণ ক্রেতাদের মনে মিশ্র

প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পাইকারি ও খুচরা বাজারের এই

বিশাল ব্যবধান কমাতে মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান ও তদারকি জোরদার করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *