মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় সৃষ্ট অস্থিরতার
আঁচ এবার জাপানের জনপ্রিয় স্ন্যাকস বা চিপসের মোড়কেও দৃশ্যমান হচ্ছে। ইরান-ইসরায়েল
ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের ফলে কালির প্রধান কাঁচামাল ন্যাপথার তীব্র
সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জাপানের শীর্ষস্থানীয় স্ন্যাকস
প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ক্যালবি’ তাদের ১৪টি ভিন্ন ভিন্ন পণ্যের চিরচেনা রঙিন
প্যাকেট সাময়িকভাবে বদলে সাদা-কালো নকশায় বাজারজাত করার এক ব্যতিক্রমী সিদ্ধান্ত
নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
মূলত খনিজ তেল পরিশোধনের উপজাত হিসেবে উৎপাদিত ‘ন্যাপথা’ কালি ও প্লাস্টিক শিল্পের
অন্যতম অপরিহার্য উপাদান। কিন্তু ইরান যুদ্ধের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ
প্রণালি বন্ধ থাকায় এই কাঁচামালের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ক্যালবি
কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, রঙিন মোড়ক মুদ্রণের জন্য প্রয়োজনীয়
কালির পর্যাপ্ত মজুত না থাকায় তাঁরা এই বিকল্প প্যাকেজিং ব্যবস্থা গ্রহণ করেছেন।
পণ্যের উৎপাদন ও বিপণন সচল রাখতেই নকশাকে সহজতর করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে
প্রতিষ্ঠানটি দাবি করেছে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে
এশিয়ার বাজারে ন্যাপথার দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে চিপস উৎপাদনকারী
প্রতিষ্ঠান থেকে শুরু করে অটোমোবাইল শিল্প—সব খাতের ওপরই বিশাল আর্থিক চাপ তৈরি
হয়েছে। ক্যালবি জানিয়েছে, আগামী ২৫ মে থেকে জাপানের প্রতিটি খুচরা বাজারে তাদের
পণ্যের এই নতুন সাদা-কালো রূপ দেখা যাবে।