123 Main Street, New York, NY 10001

মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার

চ্যালেঞ্জ মোকাবিলা করেও সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো চলতি বছরের

প্রথম প্রান্তিকে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি মুনাফায় ২৬ শতাংশ

প্রবৃদ্ধি রেকর্ড করেছে, যার মূল ভিত্তি ছিল তাদের শক্তিশালী ‘ইস্ট–ওয়েস্ট’ বা

পূর্ব-পশ্চিম পাইপলাইন নেটওয়ার্ক। এই বিকল্প ব্যবস্থার মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের

উত্তেজনা এড়িয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল সরবরাহ সচল রাখতে সক্ষম হয়েছে

প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আরামকোর সাম্প্রতিক আর্থিক বিবরণী অনুযায়ী, বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটির নিট

মুনাফা দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে। একই সময়ে তাদের রাজস্ব আয় গত

বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

প্রতিকূল যুদ্ধকালীন পরিস্থিতিতেও অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করে বৈশ্বিক বাজারে

তেলের জোগান অব্যাহত রাখায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। সৌদি আরামকোর প্রেসিডেন্ট ও

প্রধান নির্বাহী আমিন নাসের এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের পূর্ব-পশ্চিম পাইপলাইন—যা

প্রতিদিন সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতায় পৌঁছেছে—নিজেকে একটি

গুরুত্বপূর্ণ সরবরাহ ধমনি হিসেবে প্রমাণ করেছে। এটি বৈশ্বিক জ্বালানি ধাক্কার

প্রভাব কমাতে সহায়তা করেছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সীমাবদ্ধতায়

ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্বস্তি দিয়েছে।’

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হলেও

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রলেপে তা গত ফেব্রুয়ারি থেকে স্থবির হয়ে রয়েছে। এর ফলে

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারে ঠেকেছে, যা

যুদ্ধের পূর্ববর্তী সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। আমিন নাসের মার্কিন

সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, ‘যদি আজই বা

অবিলম্বে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক চলাচল পুনরায় শুরু হয়, তাহলেও তেল বাজারের

ভারসাম্য ফিরতে কয়েক মাস সময় লাগবে। কিন্তু যদি আজ থেকে আরও কয়েক সপ্তাহের বেশি সময়

বাণিজ্য ও জাহাজ চলাচল সীমিত থাকে, তাহলে আমরা ধারণা করছি সরবরাহ সংকট দীর্ঘস্থায়ী

হবে এবং বাজার ২০২৭ সালের আগে স্বাভাবিক হবে না।’

বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক ধরণের অস্থিতিশীল শান্তি আলোচনা চললেও

সংঘাতের ছায়া এখনও কাটেনি। এমন অনিশ্চয়তার মাঝেও আরামকো তাদের ২১ দশমিক ৯ বিলিয়ন

ডলারের ত্রৈমাসিক লভ্যাংশ অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য যে, সৌদি আরবের

জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে আরামকোর লভ্যাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন

করে, কারণ দেশটির সরকারের কাছে প্রতিষ্ঠানটির ৮০ শতাংশেরও বেশি মালিকানা রয়েছে।

দাহরানভিত্তিক এই জ্বালানি জায়ান্ট বিশ্বজুড়ে ৭৬ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান

নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *