123 Main Street, New York, NY 10001

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, গত ১৭ বছর ধরে দেশ দুর্নীতির বলয়ে নিমজ্জিত হয়ে রয়েছে এবং বিপুল পরিমাণ সম্পদ পাচার হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের সমাজের সকল স্তরে সমন্বিত ও সামাজিক আন্দোলনের মতো উদ্যোগ নেওয়া জরুরি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা সিরাজগঞ্জে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই পর্যায়ে, শীঘ্রই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, তাদের প্রশিক্ষণ, কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ওষুধ ও চিকিৎসা যন্ত্রপাতির সরবরাহ বাড়ানোসহ নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা উন্নয়ন ও হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি বলেন, অনেক হাসপাতালে অবৈধ স্থাপনা এবং দালালচক্রের দৌরাত্ম্যের মতো সমস্যা দেখা যাচ্ছে। এসব সমস্যার সমাধানে কেন্দ্রীয় নির্দেশনা যথেষ্ট নয়; প্রত্যেক জেলার স্থানীয় পর্যায়েও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

এর আগে সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউসে গিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সকাল ১০টায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তার পর দুপুর ১২টায় তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এই সফরে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং সমস্যা সমাধানে বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *