123 Main Street, New York, NY 10001

সরকারি ও বেসরকারি সংলাপের প্ল্যাটফর্ম বিল্ড নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিদ্যমান অর্থনৈতিক সংকটগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। দেশের উন্নয়নের এই গুরুত্বপূর্ণ সময়ে বেসরকারি খাতের স্থিতিশীলতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থাটি।

গত শনিবার বিল্ডের চেয়ারম্যান আবুল কাসেম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে নতুন সরকারের জন্য কিছু মূল কাজের ওপর গুরুত্ব দেয়া হয়। সংস্থাটির মতে, প্রথমে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য ফেরানো উচিত। এর জন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল করা এবং ব্যাংকিং খাতে তারল্য সংকট সমাধান করতে হবে। এসব উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং শিল্প উৎপাদন ধরে রাখা সম্ভব হবে।

অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর জন্য দ্রুত সংস্কার কার্যক্রম চালানো জরুরি বলে মনে করছে বিল্ড। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য বাণিজ্য সহজীকরণ, শুল্ক কাঠামো মানানসই করার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোর জটিলতা কমানোর ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। এইসব উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। দেশীয় ও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের দিকে নজর রেখে এগুলোর ওপর গুরুত্ব দেয়ারও পরামর্শ দিয়েছে প্ল্যাটফর্মটি।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আলাদা নীতিগত সহায়তা প্রয়োজন বলে মনে করছে বিল্ড। লাইসেন্সের প্রক্রিয়া সহজ করা, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা, এবং ডিজিটাল সমন্বয় বাড়ানোর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি গঠন করা জরুরি। নিয়মনীতি অনুসরণ ও প্রাতিষ্ঠানিকীকরণে সহজতর করার মাধ্যমে আনুষ্ঠানিক খাতের সম্প্রসারণেও জোর দেয়া হচ্ছে।

২০১১ সাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কাণ্ডারী হিসেবে দায়িত্ব পালন করে আসছে বিল্ড। সংস্থাটি গবেষণাভিত্তিক সুপারিশ ও কাঠামোবদ্ধ সংলাপের মাধ্যমে নীতিমালা সংস্কারে অব্যাহত সহায়তা প্রদান করে যাচ্ছে। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ফলপ্রসু নীতির বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে তারা।

বিল্ড দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে পরিচালিত একটি সংলাপমুখী প্ল্যাটফর্ম। এর সঙ্গে যুক্ত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বারসহ ধারাবাহিকভাবে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও নীতি সংস্কারে গবেষণা ও সাহায্য প্রদানই সংস্থাটির মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *